স্টাফ রিপোর্টার : দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আজ মঙ্গলবার সিলেট বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মসূচিতে অংশ নেবেন ৩ জন মন্ত্রী।
বিএনপি সূত্রে জানা গেছে, জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিকেল ৩টায় রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। এতে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
কর্মসূচি সফল করার লক্ষ্যে রোববার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।