বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক মনোনীত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা মো. আলী আকবর রাজন।
গত ২২ নভেম্বর ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে তাঁর মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। আলী আকবর রাজন বর্তমানে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর ঢাকার সেগুনবাগিচায় বিএমএ ভবন অডিটোরিয়ামে দেশের বিভিন্ন বেসিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে ফেডারেশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুর রহিম বক্স দুদুকে সভাপতি এবং মো. হুমায়ুন কবির খানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটির শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আলী আকবর রাজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন আলী আকবর রাজন। একই সঙ্গে তাঁকে এ দায়িত্ব দেওয়ায় ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এদিকে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
উল্লেখ্য, আলী আকবর রাজন সিলেটের পরিচিত তরুণ শ্রমিক নেতাদের একজন। ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর নেতৃত্বের হাতেখড়ি। দীর্ঘদিন ধরে সিলেটের পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিক আন্দোলনে নেতৃত্বে দেয়ার কারণে তাঁকে একাধিকবার দীর্ঘ মেয়াদে কারাবরণ করতে হয়েছে ।
পরিবহন শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে আলী আকবর রাজনের অন্তর্ভুক্তিকে সিলেটের পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সাধারণ শ্রমিকরা। তাঁদের প্রত্যাশা, নতুন দায়িত্বের মাধ্যমে জাতীয় পর্যায়ে সিলেটের পরিবহন শ্রমিকদের দাবি-দাওয়া, অধিকার ও কল্যাণের বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন তিনি। বিজ্ঞপ্তি