স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে। সীমান্তের প্রায় ১২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্রীপুর পিকনিক স্পট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও এসআরবির যৌথ আভিযানিক দল অভিযান শুরু করে। প্রথমে গোয়াইনঘাট উপজেলার সারিঘাট এলাকায় অভিযান শুরু হলেও প্রযুক্তিগত সহায়তায় লক্ষ্যবস্তুর সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয় জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায়।
শেষ পর্যন্ত শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮০/১-এস ও ১২৮০/২-এস-এর মধ্যবর্তী স্থান থেকে বাংলাদেশের প্রায় ৪০০ গজ ভেতরে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবির কে-৯ (ডগ স্কোয়াড) দিয়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চলতি বছরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে।
সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিজিবি ও এসআরবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালিয়ে বিস্ফোরক ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।