হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের প্রশিক্ষণ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক বলেছেন, একটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা নির্ভর করে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও নৈতিকতার ওপর। প্রত্যেক কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব যথাযথ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে। দাপ্তরিক শিষ্টাচার মেনে চলা, সময়ানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জবাবদিহির চর্চা নিশ্চিত করার মাধ্যমে একটি সুশৃঙ্খল ও পেশাদার কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কর্মচারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রাতিষ্ঠানিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পেশাগত আচরণ, দায়িত্ববোধ, নৈতিকতা ও কর্মক্ষেত্রে শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. ইউনুস আলী। প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর সহকারী পরিচালক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ড. জাকারিয়া চৌধুরী অনিক এবং সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) তৌকির আহমেদ।

প্রশিক্ষণে কর্মচারীদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, নৈতিক মূল্যবোধ, দাপ্তরিক শিষ্টাচার এবং কর্মক্ষেত্রে নিয়মশৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্মচারীদের পেশাগত আচরণ ও দায়িত্ববোধ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও পেশাদার কর্মপরিবেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *