প্রাইম হাসপাতাল সিলেটের চলমান সংকট নিরসনে সমঝোতার উদ্যোগকে কেন্দ্র করে ‘সুরমা ডাক ফ্যামিলি’ নামের একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রকাশিত সংবাদে তাঁকে, তাঁর স্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ এমদাদ চৌধুরীকে জড়িয়ে ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এক প্রতিবাদলিপিতে ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, প্রাইম হাসপাতালের চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তিনি বিশিষ্ট রাজনীতিবিদ এমদাদ চৌধুরীর শরণাপন্ন হন। এ সময় উভয় পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় তিনি আন্তরিক উদ্যোগ গ্রহণ করেন। তাঁর প্রচেষ্টায় সংকট সমাধানের পর্যায়ে পৌঁছেছিল।
তবে কতিপয় স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন এবং সমঝোতা প্রক্রিয়া বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এমদাদ চৌধুরী, তাঁকে ও তাঁর স্ত্রীকে জড়িয়ে ‘সুরমা ডাক ফ্যামিলি’ অনলাইন পোর্টালে মানহানিকর সংবাদ প্রকাশ করেছে বলে তিনি অভিযোগ করেন।
প্রতিবাদলিপিতে তিনি স্পষ্ট করে বলেন, প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা নেই। বিশেষ করে এমদাদ চৌধুরী তাঁর কাছে কিংবা তাঁদের কারও কাছে কোনো ধরনের চাঁদা দাবি করেননি। এ ধরনের সংবাদ প্রকাশ সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে তিনি উল্লেখ করেন।
তিনি সংশ্লিষ্ট অনলাইন পোর্টাল কর্তৃপক্ষকে অবিলম্বে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। অন্যথায় এ অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
প্রতিবাদলিপির শেষাংশে ডা. আশরাফুল ইসলাম বলেন, মিথ্যা, অপপ্রচার ও ষড়যন্ত্রের কাছে তাঁরা মাথা নত করবেন না। প্রাইম হাসপাতালের সুনাম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত মর্যাদা রক্ষায় তাঁরা আপসহীন থাকবেন। বিজ্ঞপ্তি