পাগলা মসজিদের দানবাক্সে চিঠিতে লেখা পাগলা চাচা শেখ হাসিনা কোথায়

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অন্যতম ধর্মীয় কেন্দ্র কিশোরগঞ্জের পাগলা মসজিদ, শুধু দানের অঙ্কে নয়, মানুষের মনোবাঞ্ছা, বিশ্বাস ও আবেগের কেন্দ্রস্থল হিসেবেও সুপরিচিত পাগলা মসজিদ।

সম্প্রতি এই মসজিদের দানবাক্সে পাওয়া গেছে একটি ব্যতিক্রমী চিরকুট (চিঠি)।
চিঠিতে লেখা-
“পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়?” বেনামি এই চিরকুট মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই চিরকুট যেমন কৌতূহলের জন্ম দিয়েছে, তেমনি রাজনৈতিক ইঙ্গিত ও সামাজিক বাস্তবতার প্রতিফলন হিসেবেও আলোচিত, সমালোচিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সকালে পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়। দীর্ঘ ৪ মাস ১২ দিন পর এই দানবাক্স খোলার আয়োজনকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা- সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবারের মতো এবারও দানবাক্সে পাওয়া গেছে টাকার সঙ্গে অসংখ্য চিঠি ও চিরকুট। এসব চিঠি সাধারণত দোয়া, মান্নত বা কষ্ট ও মনের কথা জানিয়ে লেখা হয়। তবে এবার ‘পাগলা চাচা’ লেখা একটি চিরকুট বিশেষভাবে নজর কেড়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মসজিদের দান বাক্সের টাকা গণনার সময় মসজিদের দোতলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এবং রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য।

দানবাক্স থেকে পাওয়া টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে, সেগুলো ২৮টি বস্তায় ভরা হয়েছে। প্রায় ৪০০ জন শিক্ষক, ছাত্র এবং মসজিদ কমিটির স্বেচ্ছাসেবীরা এ টাকা গণনায় অংশ নেন। এই বিশাল আয়োজন পাগলা মসজিদের প্রতি মানুষের অগাধ বিশ্বাস এবং ধর্মীয় অনুরাগের জ্বলন্ত প্রমাণ।

পাগলা মসজিদের দানবাক্সে কেবল অর্থই জমা হয় না, জমা হয় মানুষের আশা-আকাঙ্ক্ষা, প্রার্থনা ও বিশ্বাসের প্রতিচ্ছবি। চিরকুটে লেখা কথাগুলো কখনও আবেগময়, কখনও ব্যঙ্গাত্মক, আবার কখনও গভীর রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ হয়েও মানুষের মনোভাব তুলে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *