আন্তর্জাতিক ডেস্কঃ
লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে। ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে তার কুশল বিনিময়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অয়েবসাইডে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সময় রোববার লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে।
তবে সাবেক এই মন্ত্রী দেশে নেই- এমন গুঞ্জন ৫ আগস্ট পরবর্তী সময় থেকেই চাউর ছিল দেশে। এবার তাকে প্রকাশ্যে দেখা গেল লন্ডনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে হাছান মাহমুদকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায়। আরেকটি ছবিতে সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আনাস পাশার ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশাকে তার সঙ্গে দেখা গেছে।
ছবিটিতে দেখা গেছে আরও দুই কিশোরকে। সাংবাদিক সৈয়দ আনাস পাশা জানিয়েছেন, তারা হাছান মাহমুদের ছেলে ও ভাতিজা।
সৈয়দ আনাস পাশা বাংলাদেশি একটি গণমাধ্যমকে জানিয়েছেন হাছান মাহমুদ বেলজিয়ামে থাকেন , লন্ডনে অধ্যয়নরত ছেলের সঙ্গে ঈদ উদযাপন করতে তিনি লন্ডনে এসেছেন বলে জানান আনাস পাশা।
সৈয়দ আনাস পাশা আরও বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সম্পর্কে আমার চাচা এবং লন্ডনে আমরা একই এলাকায় বাস করি। নামাজ শেষে হাছান মাহমুদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন তিনি।