স্টাফ রিপোর্টার , সিলেট : সিলেটের জৈন্তাপুরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের গাড়ি ভাঙচুর করা হয়। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার করিচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হরিপুর বাজারের ফিজা অ্যান্ড কোম্পানি থেকে জাকারিয়া মাহমুদকে গ্রেপ্তার করে জৈন্তাপুর থানা পুলিশ। জাকারিয়া জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক। হত্যাসহ একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে থানায় ফেরার পথে করিচর ব্রিজ এলাকায় পৌঁছালে তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের গতিরোধ করে।
একপর্যায়ে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। পরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।
এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত গুরুতর অপরাধ। সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুলিশের ওপর হামলা এবং হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহল নিন্দা জানিয়েছে। তারা পলাতক আসামিসহ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।