সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের পরিচিত শ্রমিক নেতা হাজী মো. ময়নুল ইসলাম। তাঁর এ মনোনয়নকে সিলেটের পরিবহন শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

হাজী মো. ময়নুল ইসলাম বর্তমানে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২২ নভেম্বর ২০২৬ তারিখে ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে তাঁর মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর ঢাকার সেগুনবাগিচায় বিএমএ ভবন অডিটোরিয়ামে দেশের বিভিন্ন বেসিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে ফেডারেশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুর রহিম বক্স দুদুকে সভাপতি এবং মো. হুমায়ুন কবির খানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। ওই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় হাজী মো. ময়নুল ইসলামকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করা হয়, তাঁর নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও এর বেসিক ইউনিয়নগুলো আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।

এদিকে, কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে সিলেটের একজন শ্রমিক নেতার অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় পরিবহন শ্রমিকরা। তাঁদের প্রত্যাশা, নতুন দায়িত্বের মাধ্যমে জাতীয় পর্যায়ে সিলেটের পরিবহন শ্রমিকদের অধিকার, দাবি-দাওয়া ও কল্যাণের বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন হাজী মো. ময়নুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *