স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড় প্রেসক্লাব দখল-বেদখলকে কেন্দ্র করে সংবাদকর্মীদের দুই পক্ষের উত্তেজনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস এই আদেশ জারি করেন। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন প্রেসক্লাব হলরুমসহ প্রধান ফটকে তালা লাগিয়ে সিলগালা করে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার জুবায়ের হোসেন সিয়াম, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, পুলিশ সেনাবাহিনীসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
জানা গেছে, জুলাই-আগস্ট বিপ্লবের পর স্থানীয় সংবাদকর্মীদের একটি পক্ষ পঞ্চগড় প্রেসক্লাবে ঢুকে অবস্থান নিলে প্রেসক্লাব থেকে আরেক পক্ষ বের হয়ে আসেন। এরপর থেকে প্রেসক্লাব দখল-বেদখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ নিয়ে দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি চলতে থাকে। এর একপর্যায়ে বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলে ক্লাবের মুল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়।
এনিয়ে রাতেই একটিপক্ষ প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় আরেকটি পক্ষ করতোয়া সেতুর প্রবেশ পথে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এ সময় চরম দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও পথচারীরা। গভীর রাতে প্রশাসনের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয় দুই পক্ষ। তবে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের দুটি পক্ষই আবারও প্রেসক্লাবে অবস্থান নিয়ে কর্মসূচি দেয় ।
এসময় উভয় পক্ষের সংবাদকর্মীদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রেসক্লাব এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় এবং প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয় ।