স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বীণা রাণী বসাক (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে রাণীশংকৈল উপজেলার পৌরশহরের বসাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বীণা রাণী পৌরশহরের বসাকপাড়া ১নং ওয়ার্ডের মৃত অবিনাশ বসাকের ছেলে বর্গনাথ (ছোট) বসাকের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রাণীশংকৈল পৌর শহরের কলেজপাড়া মন্দিরে দিবাগত রাতে হরিবাসর অনুষ্ঠান দেখে বাড়িতে আসে বীণা রাণী ও তার স্বামী ছোট বসাক। বাড়িতে এসে দুজনে দুটি পাশাপাশি রুমে ঘুমাতে যায়।
গৃহবধূর স্বামী ছোট বসাক সকালে দেখেন তার স্ত্রী ঘরের ষড়ের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বীণা বসাকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে মরদেহের সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।