প্রকাশ্যে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় নিরাপদ বাংলাদেশ চাই ইউকের তীব্র প্রতিবাদ

প্রকাশ্যে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’।

সংগঠনটির সভাপতি মুসলিম খান এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ফেসবুক লাইভে প্রকাশ্যে একটি জাতীয় দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা স্বাধীন গণমাধ্যম, মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের প্রতি অসম্মানজনক। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধ ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, কোনো সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদ, সম্পাদকীয় অবস্থান কিংবা মতামতের সঙ্গে কারও দ্বিমত বা আপত্তি থাকতেই পারে। একটি গণতান্ত্রিক সমাজে সেই দ্বিমত প্রকাশের পূর্ণ অধিকার সবার রয়েছে। তবে এর প্রতিবাদ হতে হবে যুক্তি, তথ্য, পাল্টা বক্তব্য ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে। কোনো সংবাদপত্র প্রকাশ্যে ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানানো দায়িত্বশীল আচরণ নয়; বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের মর্যাদা রক্ষার প্রশ্নে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।

মুসলিম খান আরও বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। রাষ্ট্র, সরকার কিংবা রাজনৈতিক অঙ্গনের যেকোনো পর্যায়ের ব্যক্তিরই গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। মতের ভিন্নতা কখনোই অসহিষ্ণুতা কিংবা গণমাধ্যমের প্রতি অসম্মান প্রদর্শনের কারণ হতে পারে না।

তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের মর্যাদা, সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিকের নির্ভয়ে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা অপরিহার্য। নিরাপদ বাংলাদেশ চাই ইউকে এসব মৌলিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষায় তার অবস্থান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *